২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ১০ বছরের এক শিশু ধর্ষণের মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 03:40 PM

Updated : 11 Apr 2022, 11:02 PM

সোমবার বেলা ১১টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো.ওয়ালিদ হোসেন জানান, রোববার রাতে পাড়-সাঁতুরিয়া গ্রামের মেয়ের শ্বশুর বাড়ি থেকে ৬৫ বছর বয়সী আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল মালেক একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা।   

ধর্ষণের শিকার শিশুটি একই গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ সুপার বলেন, গত শনিবার দুপুরে শিশুটিকে চকলেট আর বিস্কুট দেওয়ার কথা বলে গ্রামের একটি বাগানে নিয়ে গিয়ে মালেক ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে মালেক পালিয়ে যান।

“পরদিন শিশুটির মা কাউখালী থানায় আব্দুল মালেককে আসামি করে মামলা করলে রাতেই অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করে।”