খুলনায় শ্বশুরবাড়িতে জামাইর লাশ, আটক ৬
বিয়ের পর মাস না পেরোতেই ‘শ্বশুরবাড়ির লোকের হাতে’ প্রাণ হারিয়েছেন খুলনার এক পোলট্রি খামারি।
রূপসা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টায় রূপসার তিলক বাজার থেকে লাশ উদ্ধারসহ ছয়জনকে আটক করলে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
নিহত পরাগ সরদার (২৬) রূপসা উপজেলার দক্ষিণ খাঁজাডাঙ্গা গ্রামের লতিফুল সরদারের ছেলে।
নিহত পরাগের চাচাত ভাই সরদার কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ জানুয়ারি রূপসা উপজেলার তিলক গ্রামের মুরাদ শেখের মেয়ে তামান্নার সঙ্গে পরাগের বিয়ে হয়।
“রোববার রাত ১০টার দিকে পরাগ শাশুড়ির ফোন পেয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা হয়। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে ১২টার দিকে তার শ্বশুরবাড়ি যোগাযোগ করলে পরাগ সেখানে যায়নি বলে জানানো হয়।”
সোমবার সকালে শ্বশুরবাড়িতে রক্তের দাগ দেখে খোঁজাখুঁজির পর তাদের সেপটিক ট্যাঙ্কের ভেতরে লাশ পাওয়া যায় বলে জানান পরাগের চাচাত ভাই সরদার কামাল।
তিনি দাবি করেন, “শ্বশুরবাড়ি থেকে ওই পথে খুলনায় পোল্ট্রি ফিড কিনতে যাবেন বলে পরাগের কাছে প্রায় দুই লাখ টাকা ছিল।”
ওসি রফিকুল বলেন, লাশ উদ্ধারের পর নিহত পরাগের স্ত্রী তামান্না, শাশুড়ি, মামাশ্বশুর, তামান্নার প্রেমিক শাকিলসহ ছয়জনকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।
