ফায়ার সার্ভিস ডেকে আগুন নিভিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ ইটভাটা
গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল ও জয়েরটেক এলাকায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহেদী ইমামের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
অধিদপ্তরের গাজীপুর অঞ্চলের উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান, পরিবেশ ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট তৈরি ও বিক্রির অভিযোগে ফায়ার সার্ভিস ডেকে চুলার আগুন নিভিয়ে চারটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) সহকারী পরিচালক সালমান রহমান, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া, অনিতা ঘোষ, উত্তম কুমার ও হিসাবরক্ষক জিয়াউর রহমান।
তবে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
