পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
গাইবান্ধায় সুন্দরগঞ্জে পুলিশ পরিচয়ে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মোশারফ (৪৫) উপজেলার নিজপাড়া গ্রামের মো. শরিয়ত উল্লাহর ছেলে।
রোববার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মোশারফের মা মনোয়ারা বেগম।
তবে মোশারফ নামে কাউকে আটকের খবর নাকচ করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান।
এমপি লিটন হত্যার পর পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলায় একদিনের ব্যবধানে আওয়ামী লীগ ও যুবদলের চার নেতা নিখোঁজ হন। পরবর্তীতে ১০-১১ দিন পর তারা ফিরে আসেন।
সংবাদ সম্মেলনে মনোয়ারা বলেন, “গত ১ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ থানার এসআই ইজার আলী ও এসআই পরিতোষ চন্দ্র কোনো পরোয়ানা ছাড়াই আমার ছেলে মোশারফকে বাড়ি থেকে ধরে তুলে নিয়ে যায়।পরবর্তীতে সুন্দরগঞ্জ থানায় খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি।”
এ নিয়ে ৪ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায় বলে দাবি করেন তিনি।
ছেলের সন্ধান পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে মনোয়ারা বলেন, “ঘটনার পাঁচদিনেও তাকে আদালতে হাজির করা হয়নি। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে আদালতে হাজির করা হোক।”
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমতে বলেন, “মোশারফ নামের কেউ আমাদের কাছে নেই, আমরা তাকে ধরে আনিনি।”
মোশারফের পরিবারের কেউ থানায় সাধারণ ডায়েরি করতে আসেনি বলে জানান তিনি।
