শিমুল হত্যা: সিরাজগঞ্জে সাংবাদিকদের ৩ দিনের কর্মসূচি
সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব ও শাহজাদপুর প্রেসক্লাব।
শুক্রবার রাতে দুই প্রেসক্লাব পৃথক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে বরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু জানিয়েছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার প্রেসক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন, যা তিনদিন থাকবে এবং তিনদিন জেলার সকল সাংবাদিকদের কালো ব্যাজ ধারণ।
ইসরাইল হোসেন বলেন, এ সময়ের মধ্যে শিমুলের হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে আবারও কর্মসূচি দেওয়া হবে।
সিরাগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় বৃহস্পতিবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর গুলিতে শিমুলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও তার নিজ দলের পক্ষ থেকেও এ দাবি করা হচ্ছে।
