২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ দিয়ে গুলি ঢোকে সাংবাদিক শিমুলের: ময়নাতদন্তকারী  

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের চোখ দিয়ে গুলি ঢুকেছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 09:40 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালের তিন চিকিৎসক শিমুলের মরদেহের ময়নাতদন্ত করেন।  

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আকরামুজ্জামান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ময়নাতদন্ত শুরু হয়। চিকিৎসকদের তিন সদস্যের একটি টিম ময়নাতদন্ত করেন।

“নিহত সাংবাদিকের চোখ দিয়ে একটি গুলি ঢুকে মাথার মগজে প্রবেশ করেছিল। ঘণ্টাব্যাপী ময়নাতদন্তের সময় মাথার ভিতর গুলিটি পাওয়া যায়।”

ময়নাতদন্তের সময় মর্গে তাদের সঙ্গে সিভিল সার্জন শেখ মোহাম্মদ মঞ্জুর রহমান উপস্থিত ছিলেন বলে জানান আকরামুজ্জামান।

ময়নাতদন্ত শেষে লাশ পুলিশ ও নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিম ও ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদ এবং মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

ওই সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত‌্যু হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইবতিজা আহসান জানান, পুলিশকে ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

শিমুলের পরিবারকে দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের কর্মসূচি

শিমুলের মৃত্যুতে শোক সিরাজগঞ্জ প্রেসক্লাব তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

এর মধ্যে রয়েছে প্রেসক্লাবে তিনদিন কালো পতাকা উত্তোলন এবং তিনদিন জেলার সাংবাদিকদের কালো ব্যাজধারণ।

শুক্রবার রাতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু এ ঘোষণা দেন।

পুরনো খবর:

শাহজাদপুরে আ. লীগের সংঘর্ষ, গুলি সাংবাদিকের মাথায়