স্কুলে অগ্নিকাণ্ড: ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
গাইবান্ধায় স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ রোববার রাতে ন্যাশনাল ব্যাংক গাইবান্ধা শাখার ব্যবস্থাপক ওয়াশিবুল হক চিশতিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে।
তিনি বলেন, পাশের অন্য একটি স্কুল তৈরিতে ব্যাংকের সংশ্লিষ্টতার কথা গ্রেপ্তার রঞ্জু মিয়াসহ বিভিন্ন সূত্র থেকে জানার পর ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলো।
এছাড়া স্কুল নিয়ে বিরোধের পাশাপাশি জামায়াত-শিবির ও জঙ্গিপ্রবণ ফুলছড়ি ও সাঘাটার চরাঞ্চলগুলো কুন্দেরপাড়া সংলগ্ন হওয়ায় স্কুলে আগুন দিতে জঙ্গিগোষ্ঠীকে কেউ কাজে লাগিয়েছে কি না তাও পুলিশ খতিয়ে দেখছে বলে ওসি জানান।
এদিকে স্কুলটির শ্রেণিকক্ষ নির্মাণ ও আসবাবপত্র ক্রয়ের জন্য জরুরি ভিত্তিতে সরকারি তহবিল থেকে ৪৫ হাজার টাকা ও ১৫ বান্ডিল ঢেউটিন এবং স্থানীয় তহবিল থেকে আরও ২০ হাজার টাকার অনুদান দিয়েছে জেলা প্রশাসন। তাছাড়া এক লাখ টাকার আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে জেলা পরিষদের তহবিল থেকে।
স্কুলের প্রধানশিক্ষক আসাদুজ্জামান আসাদ বলেন, “যতদিন শ্রেণিকক্ষ নির্মাণ সম্ভব না হবে, ততদিন এভাবেই আমরা শিক্ষাদান অব্যাহত রাখব।”
বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে গাইবান্ধা সদর উপজেলার গণউন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্র, ১০টি শ্রেণিকক্ষসহ এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র পুড়ে যায়।
মাদক, জুয়া, মদ ও যাত্রার নামে নাচ গানের আসর প্রতিরোধে বৃহস্পতিবার স্কুল কমিটির সঙ্গে স্থানীয়দের সমাবেশ হয়। এসব কারণে দুর্বৃত্তরা স্কুলে আগুন দিতে পারে বলে ধারণা স্কুল কর্তৃপক্ষের।
ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোববার রঞ্জু মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
