২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে; এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 02:28 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদুল হক জানান, বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুখময় বাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  

মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, গ্রেপ্তাররা সবাই মামলার আসামি। এরা হলেন- সোহেল শেখ, সবুর শেখ ও তোরাব আলী শেখ।

এজাহারে বলা হয়, বুধবার গভীর রাতে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের জামাই বাজারে সর্বজনীন দুর্গা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে দুর্গা মন্দির, পাশের হরি মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা।

মামলার বাদী সুখময় বাইন বলেন, জামাই বাজারের একটি সরকারি জমিতে বাঁশবাড়িয়া গ্রামের এজাজ শেখ নামের এক ব্যক্তি দোকান তুলতে গেলে স্থানীয় হিন্দুরা তাকে কয়েক দফা তাকে বাধা দেয়।

“এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে ওই দুর্গা মন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

এ ব্যাপারে এজাজ শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তিনি ‘গা ঢাকা দিয়েছেন’ বলে ওসি মাহামুদুল হকের ধারণা।

টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি রাতে ঘটায় কে বা কারা ভাংচুর করেছে তা স্পষ্ট নয়। তবে সরকারি জমি দখল নিয়ে এ ঘটনা ঘটতে পারে।”

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, “বিষয়টি স্পর্শকাতর। এটি প্রধানমন্ত্রীর নিজের উপজেলা। তাই আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

টুঙ্গিপাড়ায় তিন মন্দিরে মূর্তি ভাংচুর, আটক ২