ময়মনসিংহে তরুণকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ শহরে এক বেকার তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ফরহাদ হোসেন (২০) শহরের ওয়্যারলেস গেট এলাকার ফজল হকের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের ওয়্যারলেস গেট এলাকায় কয়েকজন লোক ফরহাদকে কুপিয়ে জখম করে ফেলে যায়।
“পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।”
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি কামরুল ইসলাম।
ফরহাদ হোসেনের চাচা নুরুল ইসলাম বলছেন, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে কাদের সঙ্গে ফরহাদের শত্রুতা ছিল সে সম্পর্কে তিনি কিছু বলতে চাননি।
নাম না জানিয়ে ফরহাদের এক আত্মীয় বলেন, কয়েক মাস আগে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে ফরহাদের ঝগড়া হয়েছিল। এছাড়া আর কারও সঙ্গে ফরহাদের শত্রুতার কথা শোনা যায়নি।
