নারায়ণগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ শহরে ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার বাবুরাইল এলাকায় একটি বাড়িতে এ অভিযানে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যাদের ‘মাদক ব্যবসায়ী’ বলছে পুলিশ।
অভিযানে ওই বাড়ি থেকে তৈরি করা বেশ কিছু ইয়াবা, ইয়াবা তৈরির বহু উপকরণ ও মেশিন জব্দ করা হয়।
বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, সহকারী পুলিশ সুপার ফোরকান সিকদার আরও উপস্থিত ছিলেন।
গ্রেপ্তাররা হলেন বাবুরাইল এলাকার মৃত আবেদ আলীর ছেলে বাড়ির মালিক আমজাদ হোসেন (৪২), তার দুই সহযোগী ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকার সোনাউল্লাহর ছেলে সামিউল ইসলাম (৩৮) এবং সিরাজগঞ্জের চর রায়পুর গ্রামের ঠাকুর চৌধুরীর ছেলে রাজেশ চৌধুরী শ্যাম (৩৯)।
“পুলিশ ওই বাড়ির নীচতলার একটি কক্ষে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায়। ওই রুম থেকে ২৫০টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরীর বিপুল পরিমাণ উপকরণ, ডিভাইস এবং মেশিনপত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।”
আটকরা সংঘবদ্ধ ইয়াবা চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন, বলেন মোস্তাফিজুর।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, আটক তিন মাদক ব্যবসায়ী ভারত ও মিয়ানমার থেকে ইয়াবা তৈরির প্রশিক্ষণ নিয়ে এসে এই বাড়িতে ইয়াবা তৈরির কারখানা চালু করেন। তারা এখানে বসেই দীর্ঘদিন যাবত দেশি প্রযুক্তির মাধ্যমে ইয়াবা তৈরি করে বড় বড় চালান সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
তাদের কারখানা থেকে যে পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে তা দিয়ে অন্তত ৫০ হাজার ইয়াবা বড়ি তৈরি করা যেত বলে জানান তিনি।
তাদের বিরুদ্ধে মাদক আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
