নেত্রকোণায় সংঘর্ষে নিহত আ. লীগ নেতার দাফন
নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত স্থানীয় আওয়ামী লীগ দুলাল মিয়ার দাফন শেষ হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার চেংজানা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে তার ভাতিজা শাহেনুর কবীর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুলালের লাশ তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।
দুপুরে সাহিতপুর বাজারে যে স্থানটিতে দুলাল মিয়া হামলার শিকার হন সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।
দাফনের আগে এলাকার লোকজন আওয়ামী লীগের এ নেতাকে শেষবারের মত দেখতে তার বাড়িতে যান। পরে জানাজায় কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির, স্থানীয় সান্ধিকোণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামসহ অন্তত ১০ হাজার মানুষ অংশ নেন।
গত বুধবার সকালে সান্ধিকোনা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের ভূইঁয়া লোকজন নিয়ে সাহিতপুর বাজারের অটোরিকশা স্ট্যান্ড দখল করতে গেলে ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তির লোকজনের সংঘর্ষ বাঁধে। সেসময় সান্ধিকোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলালসহ অন্তত ১৫ জন আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আড়াইটার দিকে দুলালের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার দুলালের সমর্থকেরা প্রতিপক্ষের ১৩টি বাড়িতে আগুন দিয়ে ৫৫টি ঘরের মালপত্রসহ পুড়িয়ে দেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর দুলালের ছেলে সোহেল মিয়া সান্ধিকোণা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকে প্রধান আসামি করে একটি মামলা করেন।
নিহতের ভাই মোস্তাকিন মিয়া বলেন, “প্রকাশ্যে বাজারে কুপিয়ে যারা ভাইকে হত্যা করেছে, তারা চিহ্নিত। আমরা পরিবারের পক্ষ থেকে খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।”
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “ দুলাল হত্যায় জড়িতদের ধরতে পুলিশের দুটি টিম অভিযান চালাচ্ছে। দ্রুতই আসামিরা ধরা পড়বে বলে আশা করছি।”
