অবৈধ পথে সীমান্ত পারের সময় বেনাপোলে আটক ২৮
অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোলে নারী ও শিশুসহ ২৮ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার দুপুরে বেনাপোল লোকাল বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।
তবে ওই সময় দালালদের কাউকে আটক করা যায়নি।
আটকদের মধ্যে ১০ নারী, ৬ শিশু ও ১২ পুরুষ রয়েছে। তাদের বাড়ি নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। এসব বাংলাদেশি অবৈধভাবে ভারতে গিয়ে কাজ করতেন বলে জানান তিনি।
বিজিবি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা অবৈধ পথে ভারত থেকে একদল নারী-পুরুষকে সীমান্ত পার করে বাংলাদেশে আনছে এমন খবর পেয়ে বিজিবি টহল দল অভিযান চালিয়ে এদের আটক করে।
আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, এ ব্যাপারে অবৈধভাবে পারাপারের অভিযোগে মামলা হয়েছে।
