কুষ্টিয়ায় পদ্মায় যুবকের লাশ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলার বারমাইল এলাকায় পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার জানান।
নিহত ইমরান (২২) উপজেলার বারমাইলের টিকটিকি পাড়ার ইয়ারুল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন,
শুক্রবার রাতে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ইমরান। অনেক খোঁজাখুঁজি করা হলেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় রোববার ইমরানের মা শেফালী বেগম চারজনের নাম উল্লেখ করে ভেড়ামারা থানায় একটি অপহরণের মামলা করেন বলে জানান তিনি।
সকালে স্থানীয়রা পদ্মায় ইমরানের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।
মামলার পর রওশন রশীদ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পূর্ব শ্ত্রুতার জেরে ইমরানকে হত্যা করা হতে পারে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
