পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্রপরিষদ।
সোমবার সকালে শহরের শাপলা চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
ভূমি বিরোধ আইন বাতিল ছাড়াও পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিদের ওপর ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ‘সন্ত্রাসীদের’ নির্যাতন, চাঁদাবাজি ও গুম, খুন এবং অপহরণ বন্ধের দাবি জানায় তারা।
সংগঠনের জেলা সভাপতি মাইন উদ্দীন বলেন, “বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল না করলে কমিশনের কাজে বাধা দিয়ে তা প্রতিহত করা হবে।”
পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো সন্ত্রাস ও চাঁদাবাজি করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
