২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তারাকান্দায় চাঁদা তুলে বিজয় দিবসের অনুষ্ঠান

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সরকারি বরাদ্দ না থাকায় চাঁদা তুলে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 04:30 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, নবগঠিত উপজেলাটিতে জাতীয় অনুষ্ঠান বাবদ সরকারি বরাদ্দ না থাকায় চাঁদা তুলে অনুষ্ঠান আয়োজন করা হয়।

ইউএনও এতে দোষের কিছু না দেখলেও আইনজীবী নজরুল ইসলাম চুন্নু বলছেন, “বিজয় আমাদের অহঙ্কার, আমাদের গর্ব। চাঁদা তুলে বিজয় দিবস উদযাপন করা স্বাধীনতার চেতনার মধ্যে পড়ে না।”

সর্বনিম্ন ৩ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়েছে বলে অনুসন্ধানে দেখা গেছে। 

রুপা ব্রিকসের মালিক তফাজ্জল হোসেন জলিল বলেন, “বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে আমরা ইটভাটা সমিতির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ২৫ হাজার করে টাকা দিয়েছি।”

উপজেলায় আটটি ইটভাটা রয়েছে বলে তিনি জানান।

কাকনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান রিপন বলেন, “উপজেলা প্রশাসনের উদ্যোগে কোনো কর্মসূচি হলে আমরা বরাবরই সহযোগিতা করে থাকি। এ বছরও সহযোগিতা করা হয়েছে।”

তারাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ জব্বার বলেন, “আমরা ১০ ইউনিয়নের চেয়ারম্যানরা ইউএনওকে ১০ হাজার করে টাকা দিয়েছি।”

অটো অ্যান্ড হাশকিন মিল মালিক সমিতির সভাপতি নিপন চন্দ্র সরকার বলেন, “উপজেলায় ৫২টি রাইস মিল রয়েছে। জাতীয় প্রত্যেক অনুষ্ঠানেই আমাদের আর্থিকভাবে সহযোগিতা করতে হয় প্রশাসনকে - এটাই নিয়ম।”

সার ও বীজ পরিবেশকরা জানান, প্রতি বছরই সরকারি অনুষ্ঠানের জন্য পরিবেশকদের কাছ থেকে উপজেলা প্রশাসন তিন হাজার টাকা করে নেয়।

এ বছর উপজেলার ২০ জন পরিবেশক ৩ হাজার করে টাকা দিয়েছেন বলে জানান পরিবেশকরা।

সরকারি কর্মকর্তারাও ইউএনওর চাঁদা আদায়ের অভিযোগ করেছেন।

উপজেলা খাদ্যগুদামের এক কর্মকর্তা নাম না প্রকাশ করে বলেন, “জাতীয় কোনো অনুষ্ঠান হলে আমরা উপজেলা প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। এ বছরও বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে প্রশাসনকে আর্থিক সহযোগিতা করেছি।”

বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে আয়োজন করা হয় সাদামাঠা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রায় এক লাখ টাকা খরচ হয় বলে জানান ইউএনও।

এছাড়া ৯ ডিসেম্বর তারাকান্দা মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানও উপজেলা প্রশাসন আয়োজন করে বলে তিনি জানান।