মোটরসাইকেল ‘চুরি করায়’ পিটুনিতে নিহত
ফরিদপুরে মোটরসাইকেল ‘চুরি করে পালানোর’ সময় স্থানীয়দের পিটুনিতে এক তরুণ নিহত ও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলামীন মোল্লা (২২) আলীয়াবাদ ইউনিয়নের বিল মাহমুদপুর হাজি ভুমুরর্দি ব্যাপারীডাঙ্গি গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।
আহতরা হলেন বোয়ালমারী উপজেলার গুণবহা কামার গ্রামের আফসার মোল্লার ছেলে ওবায়দুর মোল্লা (২৫) ও ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড়ের হারুণ মীরের ছেলে আমীর মীর (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাশের চরভদ্রাসন উপজেলার চর ওমরাপুর গ্রামের মুকুল মণ্ডল দুপুরে তার পালসার মোটরসাইকেল নিয়ে গ্রামের মসজিদে নামজ পড়তে যান। নামাজ পরে বের হয়ে তিনি মোটরসাইকেলটি দেখতে না পেয়ে চোর ধরার জন্য কয়েকজন সঙ্গি নিয়ে দুটি মোটরসাইকেলে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক দিয়ে ফরিদপুরের দিকে রওনা হন।
এলাকাবাসী জানায়, গজারিয়া বাজার এলাকায় তার চুরি যাওয়া মোটরসাইলেসহ দুটি মোটরসাইকেলে তিনজনকে ফরিদপুরের দিকে যেতে দেখেন। তখন তারা চিৎকার দিলে গজারিয়া বাজারের শাহজাহানের করাত কলের শ্রমিকরা পালিয়ে যাওয়া দুটি মোটরসাইকেলে কাঠ ছুড়ে মারে। এক সময় দুটি মোটরসাইকেলই রাস্তার উপর পড়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বিপুল চন্দ্র দে জানান, এলাকাবাসী ওই তিন তরুণকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
“চুরি হওয়া মোটরসাইকেলসহ পিটুনিতে আহত মুমূর্ষু তিন তরুণকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকাল সাড়ে ৩টার দিকে আলামীন মোল্লা মারা যান।”
এসআই বিপুল বলেন, এ ঘটনায় চরভদ্রাসন থানায় মোটরসাইকেল মালিক মুকল মন্ডল চুরির ঘটনায় একটি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।
এছাড়া পিটুনিতে নিহত হওয়ায় ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।
