গাজীপুরে কারখানায় আগুন, নামতে গিয়ে আহত অর্ধশত
গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
বিকন নিটওয়্যার নামের একটি পোশাক কারখানায় সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগে বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিক উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একটি কার্টনে আগুন ধরে ধোঁয়া হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দমকল বাহিনী কারখানায় পৌঁছানোর আগেই শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলেন।
আহত শ্রমিকরা জানান, নয়তলা কারখানা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার পর সব শ্রমিক একসঙ্গে নামার চেষ্টা করায় তারা আহত হন। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ দাশ বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৫৫ জনকে হাসপাতালে আনা হয়।
“তারা আগুনের আতঙ্কে ও কেটে-ছড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
