পটকা মাছের ‘বিষক্রিয়ায়’ সিলেটে আরেকজনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে ‘বিষক্রিয়ায়’ অসুস্থ এক বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়াল।
বুধবার ভোরে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ বছর বয়সী ছফাতুন্নেছার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক আব্দুস সবুর মিঞা জানান।
ছফাতুন্নেছা জৈন্তাপুরের উপজেলার তুবাং গ্রামের আব্দুল মুতালিবের স্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সবুর মিঞা জানান, নগরীর একটি বেসরকারি হাসপাতালে ছফাতুন্নেছার চিকিৎসা চলছিল। ভোরে অবস্থার অবনতি হলে ওসমানী হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে পটকা মাছ দিয়ে ভাত খেয়ে জৈন্তাপুরের মহাইল গ্রামের দুই পরিবারের ১৭ জনসহ আশপাশের গ্রামের আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালে ভর্তি করার পর পাঁচজনের মৃত্যু হয়। চিকিৎসা দেওয়া হচ্ছে আরও ৩৩ জনকে।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, অসুস্থদের মধ্যে ওসমানী হাসপাতালে ২৪ ও নগরীর বিভিন্ন হাসপাতালে নয়জন চিকিৎসাধীন রয়েছেন।
এদের মধ্যে ওসামানী হাসপাতালে চিকিৎসাধীন নয় জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্তদের একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এনায়েত হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “পটকা মাছে টেট্রাডক্সিন নামে এক ধরনের বিষ থাকে যা কোনো ওষুধে উপশম হয়না। এ ধরনের বিষ আক্রান্তদের নার্ভাস সিস্টেম দুর্বল করে দেয়। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে দ্রুত মারা যায় আক্রান্ত।”
এ ঘটনার পর সিলেটের সব উপজেলায় পটকা মাছ না খাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন হাবিবুর রহমান।
