০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে পটকা মাছ খেয়ে ৫ জনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে; অসুস্থ হয়েছেন আরও ১২ জন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 09:11 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার জন ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আরেক জনের মৃত্যু হয় বলে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন জানিয়েছেন।

মৃতরা হলেন মহাইল গ্রামের আব্দুর রহিম (৬৫), তার ছেলে লোকমান মিয়া (২২) ও সুলেমান মিয়া (২৬) এবং প্রতিবেশী আনিসুল হকের  মেয়ে মনি বেগম (১০) ও ছেলে রাহিন (৮)।

চেয়ারম্যান জয়নাল জানান, সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন জৈন্তাপুর উপজেলার মহাইল গ্রামের দুই পরিবারের ১৭ জন। হাসপাতালে আনার পর একে একে পাঁচজনের মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে উমর আলী (৪০), তার স্ত্রী মুর্শিদা বেগম (৩৫) ছেলে কাওসার (১৭), মেয়ে সারিকা (১৮), তাদের প্রতিবেশী রোবহান (৬০), জয়নাল আবেদীন (৪০) ও রাজিয়া বেগম (৪০) অবস্থা সংকটাপন্ন বলে ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এনায়েত হোসেন জানিয়েছেন।

অধ্যাপক এনায়েত হোসেন বলেন, পটকা মাছ খাওয়ার পর ‘বিষক্রিয়ায়’ তাদের মৃত্যু হয়েছে।

তিনি বলেন,‘‘পটকা মাছে টেট্রাটডক্সিন নামে এক ধরনের বিষ থাকে যা কোন ওষুধে উপশম হয়না। এ ধরনের বিষে আক্রান্তদের ব্রেনের নার্ভাস সিস্টেম দুর্বল করে দেয়। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে দ্রুত মারা যায় রোগীরা।”

আক্রান্তদের চিকিৎসায় মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. নাজমুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে ওসমানী মেডিকেলের পরিচালক আব্দুস সবুর মিঞা জানিয়েছেন।

স্থানীয়দের কাছে ‘পটকা মাছ’ হিসেবে পরিচিত হলেও এটি কোনো মাছ নয় বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘‘পটকা কোনো মাছ নয়। এটি বিষযুক্ত একটি জলজপ্রাণী। পটকার কানের কাছে  গ্রন্থিতে বিষ থাকে। এটি খেলে কেউ মারাও যেতে পারে।’’