বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান
গোয়ার নিজ বাড়িতে হার্ট অ্যাটাক হয় তার।
বলিউডের শক্তিমান অভিনেতা ও চলচ্চিত্রনির্মাতা নানা পাটেকর মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এনডিটিভি লিখেছে, বৃহস্পতিবার সকালে গোয়ার একটি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে বাড়িতে হার্ট অ্যাটাক হলে অভিনেতাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে কোনো সাড়া মেলেনি। বাংলাদেশ সময় ৫টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সময় নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর পুনেতে ছিলেন। খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকর অভিনয়ে আবেগ, সংলাপ বলার ধরন এবং জটিল কিংবা প্রচলিত ধারার বাইরের চরিত্র ফুটিয়ে তোলায় দক্ষ হিসেবে পরিচিত ছিলেন।
ভারতের তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেতা ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তাক ছাপ্পান’ ও ‘যশবন্ত’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
১৯৭৮ সালের ‘গামন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। শূন্য দশকের শুরুতে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তাক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) ও ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬) চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।
কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম’ (২০০৭), এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫)-এ গ্যাংস্টার ‘উদয় শেঠি’ চরিত্রে অভিনয় করেও ব্যাপক প্রশংসা পান নানা পাটেকার। ‘হাউসফুল ৫’ কমেডি-থ্রিলার চলচ্চিত্রেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।
২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ চলচ্চিত্রেও অভিনয় করেন নানা পাটেকর। এ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারে পঞ্চমবারের মতো মনোনয়ন পান তিনি।
