মোজার ভেতর ৬০ ভরি সোনা, একজন আটক
ফরিদপুরের মধুখালী উপজেলায় ৬০ ভরি সোনার গয়নাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
হবিবুর রহমান (৫২) নামের ওই ব্যক্তিকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয় বলে জানান মধুখালী থানার এসআই সাইফুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালায়।
“বাসে তল্লাশি চালিয়ে হবিবের মোজার ভেতর থেকে ৬০ ভরি চোরাই সোনার গয়না উদ্ধার করা হয়। আটক করা হয় হবিবকে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই সাইফুল।
