পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন
সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের কাছ থেকে মাদক মামলার এক আসামি পালিয়েছে।
শুক্রবার বিকালে আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।
পলাতক মোদাচ্ছেরুল্লাহ (৩৫) উপজেলার শেরনগর মহল্লার রিয়াজ মোল্লার ছেলে।
ওসি সাজ্জাদ বলেন, জেলার এনায়েতপুর থানায় করা একটি মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি মোদাচ্ছেরকে দুপুরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
“বিকালে সিএনজি চালিত অটোরিকশায় আদালতে নেওয়ার সময় তাকে পড়ানো হাতকড়ায় ত্রুটি দেখা দেয়। এ সময় এক কনস্টেবল হাতকড়াটি খুলে সারানোর চেষ্টা করেন। এ সুযোগে আসামি গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।”
তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
