ফরিদপুরে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার
ফরিদপুরের মধুখালী উপজেলায় ‘গোলাগুলির পর’ দুইজনের লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ।
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন বলছেন, রায়পুর ইউনিয়নের ছত্তরকান্দিতে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতদের দুটি দলের মধ্যে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী নিহত দুজনের পরিচয় পুলিশ জানাতে না পারলেও তারা ডাকাতদলের সদস্য বলে ওসির ধারণা।
তিনি বলেন, রাতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায়। পরে সেখানে গিয়ে মহাসড়কের পাশে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, একটি পিস্তল, কিছু গুলি ও কয়েকটি রামদা উদ্ধার এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
