২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

যশোর সদর উপজেলায় বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 12:52 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মনিরামপুর সড়কের সতিঘাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ও একই এলাকার ভ্যানচালক আজিজুর রহমান।

আহত বজুলর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা চার-পাঁচজন আজিজুর রহমানের ইঞ্জিনচালিত ভ্যানে করে মনিরামপুর থেকে যশোর শহরে কাজে যাচ্ছিলেন।

“সতিঘাটায় সড়কের বাঁক অতিক্রম করার সময় সাতক্ষীরাগামী একটি বাস ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক আজিজুর ও যাত্রী রবিউল মারা যান।”

এ সময় বজুলর রহমান নিজে ও অন্য দুইজন আহত হলে তাদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত অন্য দুইজন হলেন এলাকার মাহবুবুর রহমান বাচ্চু ও সোহাগ।

হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের মধ্যে বাচ্চু ও সোহাগ নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি ইলিয়াস বলেন, ঘটনার পর স্থানীরা ধাওয়া করে বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। পরে পুলিশ বাস জব্দ করে থানা নিয়ে এসেছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান।