নাসিরনগরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাসিরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান।
মৃত নিয়তি চক্রবর্তী (৯০) ওই বাড়িতে একাই থাকতেন।
ইকবাল হোসেন বলেন, নিয়তি চক্রবর্তী ঘরে ঘুমিয়ে ছিলেন। কুপি থেকে গায়ের চাদরে আগুন ধরে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেদওয়ানোর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাটি নাশকতা কি না পুলিশ খোঁজ নিয়ে দেখছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
