২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জমি লিখে নিয়ে’ মাকে নির্বাসনে

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকায় আশি-নব্বই বছরের এক বৃদ্ধাকে পাওয়া গেছে; জমি-জমা লিখে নিয়ে মেয়ে ও জামাতা তাকে সেখানে ফেলে গেছে বলে জানিয়েছে সমাজসেবা কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

গাজীপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 04:33 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

গাজীপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শংকর শরণ সাহা বলেন, রোববার বিকেলে আমেনা খাতুন নামে এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সরকারি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

বৃদ্ধা আমেনার বাড়ি সাভার থানার ভাকুর্তা বাজারের কাছাকাছি। তিনি তার কয়েকজন স্বজনের নাম বলতে পারলেও ঠিকানা জানাতে পারেননি।

পুবাইল এলাকার আইয়ুব আলী নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বৃদ্ধাকে তারা প্রায় তিন সপ্তাহ আগে পূবাইল উচ্চবিদ্যালয়ের কাছে দেখতে পান।

বৃদ্ধার বরাত দিয়ে আইয়ুব বলেন, তার সম্পত্তি লিখে নিয়ে তার মেয়ে ও জামাতা তাকে ওই বিদ্যালয়ের কাছে ফেলে যান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে একটি টংদোকানে থাকার ব্যবস্থা করে এবং এলাকাবাসী তাকে খাবার দেয়।

সমাজসেবা কর্মকর্তা শংকর শরণ বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে তাকে উদ্ধার করে জেলার সরকারি সমাজসেবা আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

“আমেনা শ্বাসকষ্টে ভুগছেন। তাকে উপযুক্ত খাবারসহ চিকিৎসা দেওয়া হচ্ছে। বিছানাপত্রসহ প্রয়োজনীয় কাপড়চোপড় দেওয়া হয়েছে।”

ঠিকানা বলতে পারলে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান সমাজসেবা কর্মকর্তা।

শংকর শরণ বলেন, আমেনা তার বাড়ি সাভার থানার ভাকুর্তা বাজারের কাছাকাছি বলে জানালেও গ্রাম বা মহল্লার নাম বলতে পারেননি। অস্পষ্টভাবে তিনি তার স্বামীর নাম নোয়াব আলী, বাবা সাহাজউদ্দিন, চাচাত ভাই মধু মাতব্বর, সোনা মিয়া, সুলতান কমান্ডার ও সুরুজ মাস্টার বলে জানিয়েছেন।

“আমেনার দুই মেয়ে বিবি ও ছমিরন নেছা। বিবি ও জামাতা সোলেমান খলিফা কয়েক বছর আগে পাঁচটি ঘরসহ এক বিঘা জমি লিখে নেন। ঘটনার দিন বৃদ্ধার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে তাকে বেড়ানোর কথা বলে এখানে এনে ফেলে যান বিবি ও সোলেমান,” বৃদ্ধার বরাত দিয়ে বলেন সমাজসেবা কর্মকর্তা শংকর শরণ সাহা।

সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃদ্ধা আমেনা তার যেসব স্বজনের নাম বলেছেন, ভাকুর্তা বাজার এলাকার আশপাশে তাদের সন্ধান পাওয়া যায়নি।

“তবে ভাকুর্তা বাজারের ওষুধের দোকানি রিপন জানিয়েছেন, আমেনা নামে এক বৃদ্ধা মাঝেমধ্যে তার দোকানে ওষুধ কিনতে আসতেন। রিপন বলছেন, সেই বৃদ্ধার বাড়ি কেরানীগঞ্জ।”