২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে ইউপি চেয়ারম্যানকে মারধরের মামলায় সাংসদের জামিন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যানের উপর হামলার মামলায় স্থানীয় সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলন জামিন পেয়েছেন।  

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 04:35 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বুধবার সকালে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

আদালতের জেনারেল রেজিস্টার অফিসার জাহিদুল ইসলাম জাহিদ জানান, সকালে সাংসদ মিলন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে ৮ নভেম্বর একই মামলায় এ আদালত থেকে এমপির ছেলেসহ আট আসামিকে জামিন দেওয়া হয় বলে জানান তিনি।

গত ৩০ অক্টোবর আইনশৃঙ্খলা কমিটির সভায় দুপক্ষের বাগবিতণ্ডার পর নিজ অফিসে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হক। এরপর একদল লোক সেখানে হামলা চালিয়ে তাকে জখম করে। মাথায় গুরুতর জখম নিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় চেয়ারম্যানের ভাগ্নে ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ বাদী হয়ে এমপি মিলন, তার দুই ছেলে, ব্যক্তিগত সহকারী, মেয়ের জামাইসহ ১৪ জনকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।

পুরনো খবর:

তাড়াশের চেয়ারম্যানের উপর হামলায় সাংসদের বিরুদ্ধে মামলা