২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ায় বাধা দেওয়ায় মন্দিরে হামলা, গ্রেপ্তার ১

জুয়ার আসর সরাতে বলায় মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 07:13 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

রাজাপুর ইউনিয়নের ছোট নাওভাঙ্গা গ্রামে রোববার বিাকলে হামলা হয়। মামলা দায়েরের পর সোমবার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

নাওভাঙ্গা গ্রামের অসীম বিশ্বাস বলেন, তার বাড়ির পাশে বুলু ফকির ও তার লোকজন জুয়ার আসর বসান।

রোববার বিকালে তার ভাতিজা মনোজিত বিশ্বাস তাদেরকে জুয়ার আসর তুলে নেওয়ার কথা বললে বুলু ফকির লোকজন নিয়ে তার বাড়ি ও মন্দিরে হামলা চালান। এতে মন্দিরের কালীমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, বলেন অসীম।  

অসীম বলেন, “হামলাকারীরা মন্দিরের সামনের সাউন্ড বক্স, লাইট ও আসবাবপত্র ভাংচুর করেন। মূর্তির গায়ে থাকা প্রায় ৪০ হাজার টাকা দামের স্বর্ণালংকার লুট করেছেন।”

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, এ ঘটনায় বুলু ফকিরসহ পাঁচজনকে আসামি করে অসীম বিশ্বাস মহম্মদপুর থানায় একটি মামলা করেছেন।

মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে বলে জানালেও তার নাম পরিচয় জানাননি এই পুলিশ কর্মকর্তা।