২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আব্দুর রহমান নামে এক যুবককে হত্যার দায়ে তার ভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 07:45 PM

Updated : 12 Apr 2022, 03:06 AM

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- জেলার নন্দিগ্রাম উপজেলার কুসমা গ্রামের আব্দুর রহমানের ছোট ভাই আয়াত আলী (৫০), আব্দুল্লার ছেলে আব্দুল খালেক (২৫), আবুল হোসেনের ছেলে আব্দুল মতিন (২৪) ও ছলিমুদ্দিনের ছেলে বুলু মিয়া (৩৫)।

এদের মধ্যে আয়াত আলী ছাড়া অন্যরা পলাতক।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম বলেন, ২০০৫ সালে ২৬ এপ্রিল আব্দুর রহমানকে একটি বই দেওয়ার জন্য বগুড়া শহরে ডেকে নেন খালেক, মতিন ও বুলু মিয়া।

পরে আয়াত আলী তার ভাই ও ওই তিনজনকে ভাটকান্দি এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে তারা আব্দুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করে।

এই ঘটনায় নিহতের বড় ভাই মোকলেছুর রহমান বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি আয়াত আলীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

রায়ে দণ্ডিতদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাদের আরও ছয় মাসে কারবাসের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।