২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ভর্তির আবেদনে খরচ ‘কমছে’

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদনের খরচ কমানো হচ্ছে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার ভর্তি কমিটির জরুরি সভার পর বুধবার সকাল সাড়ে ৯টায় একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করেছেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এএইচএম বেলায়েত হোসাইন বলেন, “শিক্ষার্থীরা উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেওয়ার পর উপাচার্য এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

“তাই এই বিষয়ে ব্যবস্থা নিতে ভর্তি কমিটি জরুরি সভা করেছি। আজকের সভার সুপারিশসমূহ বুধবার একাডেমিক কাউন্সেলের সভায় গৃহীত হবে।”

ভর্তির আবেদনের খরচ কত কমানোর সুপারিশ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আশা করছি শিক্ষার্থীদের আর আন্দোলন করতে হবে না।”

ভর্তি কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত বছরগুলোতে ভর্তি কমিটি যে নির্দেশনা প্রণয়ন করে তাতে আবেদনের খরচ প্রায় ৩০ শতাংশ বাড়ানো হতো; একাডেমিক কাউন্সিলে আলাপ আলোচনার মাধ্যমে ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়ে থাকে।

তিনি বলেন, এবার ভর্তি কমিটি একাডেমিক কাউন্সিলের সভায় যে নির্দেশিকা পাঠিয়েছে তাতে আবেদনের দাম গত শিক্ষাবর্ষের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে; আর একাডেমিক কাউন্সিলে কোনো আলাপ আলোচনা ছাড়াই তা গৃহীত হয়েছে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের জন্য বিভিন্ন অনুষদ ভেদে ১০০০ থেকে ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত শিক্ষাবর্ষে মূল্য ছিল অনুষদ ভেদে ৭৫০ থেকে ৯০০ টাকা; ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ছিল ৩০০ থেকে ৩৫০ টাকা।

কয়েকদিন থেকে শিক্ষার্থীরা এ আবেদন ফিস কমানোর জন্য আন্দোলন করে আসছিলেন।

পুরনো খবর:

শাবিতে ভর্তির আবেদন শুরু রোববার
শাহজালালে ভর্তি ফরমের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি
ভর্তির আবেদনের আয়ের টাকা পান শিক্ষকরা: জাফর ইকবাল