দিনাজপুরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মণ্ডলপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ পাওয়া যায় বলে জানান বীরগঞ্জ থানার পরিদর্শক ফকরুল ইসলাম।
নিহত আব্দুস সাত্তার (৪৫) উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া হঠাৎপাড়া গ্রামের মৃত আসেদ আলীর ছেলে।
তার ছেলে জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার জুমার নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তার বাবা। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ-খবর নিয়েও তার সন্ধান পায়নি।
দুপুরে এলাকাবাসী পুকুরে লাশ ভাসতে দেখার পর নিজেরাই উদ্ধার করেন বলে জানান তিনি।
সাত্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিদুল ইসলাম জানান।
পরিদর্শক ফখরুল বলেন, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
