২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবারণা উৎসব: বাঁকখালী নদীতে ভাসল ‘কল্পজাহাজ’

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী ‘জাহাজ ভাসা উৎসব’ পালিত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 12:17 AM

Updated : 11 Oct 2022, 08:54 PM

সোমবার এ উৎসবকে কেন্দ্র করে বাঁকখালী নদীর দুই পাড় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়।

নদীতে ভাসানো হয় নানা রং-বেরঙের কাগজ আর বাঁশ-বেতের সমন্বয়ে তৈরি ‘কল্পজাহাজ’। বৌদ্ধরা ছাড়াও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজন উৎসবে সমবেত হন।   

প্রতিবছর এ উৎসব পালিত হয় প্রবারণা পূর্ণিমার একদিন পর। প্রতিবছরের মতো এবছরও রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন কমিটি এ উৎসবের আয়োজন করেছে।

বৌদ্ধ ভিক্ষুরা সূত্রপাঠ আর ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। এরপরই নদীতে ভাসানো হয় বর্ণিল কল্পজাহাজগুলো। নদীতে ভাসমান এসব জাহাজে ধর্মীয় সংকীর্তন ছাড়াও তরুণেরা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে।

বাঁশ-বেত ও রঙিন কাগজ দিয়ে তৈরি ছয়টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়।

বাঁশ, বেত, কাঠ, রঙিন কাগজ দিয়ে অপূর্ব কারুকাজে তৈরি জাহাজে সম্রাট অশোকের প্রতিকৃতি, হাতি, নাগরাজ, ময়ূর, ঘোড়া ও চৈত্যসহ স্বর্গীয় কল্পিত আবেশে ফুটিয়ে তোলা হয়েছে। ছয়-সাতটি নৌকাকে বাঁশের সঙ্গে রশি দিয়ে বেঁধে ভেলা বানিয়ে নদীতে ভাসানো হয় এসব কল্পজাহাজ। এসব জাহাজেই শিশু-কিশোর ও তরুণরা ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ-গানে মেতে ওঠেন।

রামু কেন্দ্রীয় প্রবারণা পূর্ণিমা ও জাহাজভাসা উৎসব উদযাপন পরিষদের সমন্বয়কারী অর্পণ বড়ুয়া জানান, এ বছর রামু উপজেলার মধ্যম মেরংলোয়া, পূর্ব রাজারকুল, হাজারীকুল, হাইটুপী রাখাইন পাড়া, হাইটুপী বড়ুয়া পাড়া ও হাজারীকুল গ্রাম থেকে মোট ছয়টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়েছে। গত এক মাস ধরে এসব জাহাজ তৈরি করা হয়েছে।

রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর বড়ুয়া বলেন, গৌতম বুদ্ধ বৈশালীতে অবস্থানকালে স্বর্গযাত্রা করেছিলেন নান্দনিক ও বর্ণিল কারুকার্যময় কল্পজাহাজে করে। বুদ্ধের পবিত্র সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর রামুতে এই উৎসব উদযাপিত হয়।

প্রায় দুই শতাধিক বছর ধরে রামুর বাঁকখালী নদীতে প্রবারণা পূণির্মার একদিন পর এই উৎসব পালিত হয়ে আসছে বলে জানান তিনি।

কল্পজাহাজ ভাসা উৎসব উপলক্ষে রামুর বাঁকখালী নদীর তীরে আয়োজন করা হয় এক সম্প্রীতি সমাবেশের। এতে ধর্মীয় আশীর্বাদক ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও সৌগত সম্পাদক সুনন্দ প্রিয় মহাথেরো।

উৎসব উদযাপন কমিটির সভাপতি পলক বড়ুয়া আপ্পুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামুর ইউএনও মো. শাহজাহান আলীম, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর বড়ুয়া ও রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া ।

উৎসবকে ঘিরে উৎসবস্থল ও তার আশপাশে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

রামু থানার ওসি প্রভাষ চন্দ্র জানান, উৎসবের নিরাপত্তায় ৫০ জন পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহলদলও কাজ করেছে। শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে রামুর ঐতিহ্যবাহী এ উৎসব।