২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রাজশাহীতে আ. লীগ নেতাকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত হামলাকারীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 02:39 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

শনিবার সকালে বাউসা ইউনিয়নের দিঘা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান।

আহত মজিবুর রহমান (৪৫) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিঘা কবিরাজপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।     

ঘটনার বর্ণনায় ওসি বলেন, মজিবুর দিঘা বাজারের পশ্চিমে ঠাকুরের পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। সকাল ১০টার দিকে এক শ্রমিককে সঙ্গে নিয়ে মাছের খাবার দিতে পুকুর পাড়ে যান তিনি।

“এ সময় ১০ থেকে ১২ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে মজিবুর রহমানকে কুপিয়ে জখম করে।”

পরে স্থানীয়দের সহায়তায় মজিবুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি। 

ওসি জানান, ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে জমির উদ্দিন নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে। 

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।