রূপসায় ক্লিংকারবাহী কার্গোডুবি
খুলনায় রূপসা নদীতে ক্লিংকার বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে।
বুধবার বিকালে নগরী সংলগ্ন রূপসা নদীর চর রূপসা এলাকায় ৭৬০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে ‘এমভি টুঙ্গিপাড়া’ নামের কার্গোটি ডুবে যায় বলে জানান খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মো. সাইফুল ইসলাম
কার্গোটির মালিক প্রধানমন্ত্রীর চাচাত ভাই শেখ রুবেল বলে জানান নগরীর লবণচরা থানার ওসি সরদার মো. মোশাররফ হোসেন।
সাইফুল ইসলাম বলেন, মংলার হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি জাহাজ থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার নিয়ে কার্গোটি খুলনার সুনসিং সিমেন্ট ফ্যাক্টরিতে যাচ্ছিল। ফ্যাক্টরির কাছাকাছি এসে তলা ফেটে কার্গোটি তলিয়ে যায়।
তবে এখনও কার্গো উদ্ধার তৎপরতা শুরু হয়নি বলে জানান তিনি।
রূপসা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লবণচরা থানাধীন লবণচরা রোডের সুনসিং সিমেন্ট ফ্যাক্টরিতে যাচ্ছিল কোর্গোটি। নদীর এপাড়ে চর রূপসা এলাকায় তলা ফেটে ডুবে যায়।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কার্গোর মাস্টার আমিনুল ইসলাম রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
