২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মেডিকেল হোস্টেলের ছাদ ধসে শ্রমিক নিহত

বগুড়ায় একটি বেসরকারি মেডিকেল কলেজের নির্মাণাধীন ছাত্রী হোস্টেলের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাত শ্রমিক।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

সোমবার বিকালে শহরতলির ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজের নির্মাণাধীন ছাত্রী হোস্টেলের গাড়ির বারান্দা ধসের এ ঘটনা ঘটে বলে জানান বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনূস আলী।

নিহত আবদুল মোমিন (৪০) সদর উপজেলার শাখারিয়া গ্রামের টুকু মিয়ার ছেলে।

আহতদের রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনূস আলী বলেন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে নয় তলা ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজ চলছে। সোমবার গাড়ির সেডের জন্য তৃতীয় তলায় বারান্দা বর্ধিত করার কাজ চলছিল।

“বিকেল ৫টার দিকে হঠাৎ করে ওই বর্ধিত অংশ ধসে যায়। এতে চাপা পড়ে ঢালাই শ্রমিক আবদুল মোমিন ঘটনাস্থলে মারা যান।”

নির্মাণাধীন গাড়ি বারান্দার সামনের পিলার বসে যাওয়ায় ভারসাম্য হারিয়ে ছাদ ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

টিএমএসএসের প্রকৌশলী মাসুদুর রহমানের কাছে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।