২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পক্ষের দ্বন্দ্বে ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা

ঠাকুরগাঁওয়ের একটি মন্দিরে সনাতনপন্থী ও ইসকনপন্থী দুই পক্ষ দুর্গাপূজার প্রস্তুতি নেওয়ায় গোলযোগের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 03:42 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও মাদারগঞ্জ গ্রামের রশিক রায় জিউ মন্দিরে শুক্রবার সকাল ৬টা থেকে দুর্গাপূজার শেষ দিন পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

মন্দির কমিটির সহ-সভাপতি ইসকনপন্থী সুবেন্দ্রনাথ রায় বলেন, মন্দিরটি এক একর জমির ওপর  প্রতিষ্ঠিত। মন্দিরের আওতায় এর আশপাশে রয়েছে আরও প্রায় ২৭ একর জমি।

“মন্দিরের জমি দখল করতে স্থানীয় সনাতনপন্থী বংবেশ চন্দ্র অপু সরকার প্রায়ই লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়।”

তবে বংবেশ চন্দ্র অপু সরকার বলেন, “এটি মন্দিরের জমি নয়। পৈত্রিক সূত্রে আমরা জমির মালিক। সে কারণেই জমি দখল করতে যাই।”

ম্যাজিস্ট্রেট আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি মন্দিরটিতে সনাতনপন্থী ও ইসকনপন্থী উভয়পক্ষ দুর্গাপূজার উদ্যোগ নিলে উত্তেজনা দেখা দেয়।

“মন্দির এলাকায় কোনো ধরনের গোলযোগ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূজা শেষ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। পূজা শেষে দুই পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হবে।