আশুগঞ্জে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ঘাটকুল এলাকায় এ দুর্ঘটনায় সাইফুল ইসলামের মৃত্যু হয় বলে আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম জানান।
সাইফুলের বাবা ঘাটকুল এলাকার দানু মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, সকালে বাড়ির সামনের রাস্তায় খেলা করার সময় বালুবোঝাই ট্রাক্টরটি সাইফুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠায়।
ট্রাক্টরটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
