ফরিদপুরে বাসচাপায় পথচারী নিহত
ফরিদপুর সদর উপজেলায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুরের ট্রাফিক সার্জেন্ট ওয়াহিদুল ইসলাম।
নিহত জয়নাল শেখ (৫৮) উপজেলার কানাইপুর ইউনিয়নের বাসিন্দা।
ট্রাফিক সার্জেন্ট ওয়াহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়নাল মহাসড়কটি পার হওয়ার সময় কুষ্টিয়াগামী এমএম পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যান; বাসটি আটক করা হয়েছে।
