২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীর বিস্ফোরণ তদন্তে ৩ কমিটি

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ২১ জন নিহতের ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর প্রতিনিধি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 11:28 AM

Updated : 12 Apr 2022, 02:51 AM

শনিবার দুর্ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ তদন্ত কমিটি গঠন করে।

ট্যাম্পাকো ফয়েলস নামে ওই কারখানায় বিস্ফোরণে ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে কাজ চলার সময় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর ধসে পড়ছে কারখানার পাঁচতলা ভবনটি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আনিস মাহমুদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. বদিউজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে প্রতিবেদন দিতে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে বলে জানান।

গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

“কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”

কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহাম্মদ জানান, উপ-মহাপরিদর্শক মো. শামছুজ্জামান ভূইয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।