২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সাংবাদিকদের উপর হামলার আরেক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ছয় সাংবাদিককের উপর হামলা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 03:47 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার ভোরে টেকনাফের শিলবনিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান।

গ্রেপ্তার মোহাম্মদ আবছার (৩০) টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামের নুরুল আলমের ছেলে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মামলার প্রধান আসামি নুরুল হক ভূট্টোর ভাগ্নে।

আবছারে বিরুদ্ধে মাদক, অস্ত্র ও পুলিশের উপর হামলার অভিযোগে টেকনাফ থানায় পাঁচটি মামলা রয়েছে। তিনি সাংবদিকদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি বলে জানান ওসি। 

এ মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হল।

ওসি মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলার পলাতক আসামি আবছার শিলবনিয়া পাড়ায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় আবছার দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।

গত ১৩ মে নাজিরপাড়া এলাকায় ইয়াবা উদ্ধারের খবর সংগ্রহ করতে গেলে নুরুল হক ভূট্টোর নেতৃত্বে ইয়াবা ব্যবসায়ীরা ছয় সাংবাদিককে কুপিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা, ল্যাপটপ ও গাড়ি ভাংচুর করে।

এ ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় দ্রুত বিচার আইনে ১৯ জনের নামে মামলা করেন।