‘জবাই’ করার সময় মৌলভীবাজারে হরিণ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর সংরক্ষিত এলাকার একটি হরিণ ‘জবাইকালে’ উদ্ধার করার খবর দিয়েছে বিজিবি।
বুধবার দুপুরে শ্রীমঙ্গলের ৪৬ বিজিবির দপ্তরে এক প্রেস বিফিংয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদ এ কথা জানান।
তিনি বলেন, সকাল ৬টায় বিজিবি কাঠালতলী বিওপি থেকে দেড় কিলোমিটার দূরে এক জায়গায় একদল লোক একটি হরিণ ধরে জবাই করার প্রস্তুতি নিচ্ছে খবর পাওয়া যায়।
“খবর পেয়ে কাঠালতলী বিওপি কমান্ডার মো. মালেক ও হাবিলদার বায়রন দ্রুত অভিযান চালিয়ে সেখান থেকে আহত অবস্থায় একটি মাদি হরিণ উদ্বার করেন।”
ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে গেছে বলে জানান মেজর মাহমুদ।
তিনি জানান, হরিণটির গলা ও পায়ে বেশ আঘাতের চিহ্ন রয়েছে। হরিণটির সেবাযত্নের জন্য শ্রীমঙ্গলের ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের’ চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের হাতে তুলে দেওয়া হয়েছে।
পাশের আদমপুর সংরক্ষিত বন থেকে শিকারিরা হরিণটিকে ধরে আনে বলে দাবি মেজর মাহমুদের।
সিতেশ রঞ্জন দেব বলেন, তিনি সেবাযত্ন দিয়ে হরিণটি সুস্থ করে তুলবেন। পরে বিজিবি ও বন বিভাগের উপস্থিতিতে বনে অবমুক্ত করা হবে।
