২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মীর কাসেমের গায়েবানা জানাজা পড়িয়ে গ্রেপ্তার

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর গায়েবানা জানাজা পড়ানোর পর নাটোরের নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 06:53 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

গ্রেপ্তার নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া (৪৫) ও তার বাবা জালাল উদ্দিন মো. ইউনুস আলী (৬৫) দুজনেই জামায়াতে ইসলামীতে যুক্ত।

এই দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস‌্য ও প্রধান অর্থ জোগানদাতা মীর কাসেমকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের পর রায় অনুযায়ী শনিবার ফাঁসিতে ঝোলানো হয়।

মীর কাসেমের ফাঁসি কার্যকর হওয়ার পর নলডাঙ্গার ছাতারভাগ গ্রামের একটি মসজিদে গায়েবানা জানাজা পড়ান জিয়া।

তিনি ইসলামী ফাউন্ডেশনের দেওয়া খুতবা নিয়ে কটূক্তিও করেন বলে নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (সোমবার) ভোর রাতে উপজেলা ছাতারভাগ গ্রামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ‌্যমে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।”

জিয়া জামায়াতের সমর্থনে নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার বাবা জালাল উপজেলা জামায়াত কর্মী।