ভারত থেকে পালিয়ে একযুগ পর বাবা-মার খোঁজে কিশোর
এক যুগ আগে ভারতে পাচার হওয়া বেলাল হোসেন (বয়স আনুমানিক ১৭/১৮) নামের এক কিশোর পালিয়ে ঝালকাঠির রাজাপুরে এসে বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছেন।
বাংলা ভুলে হিন্দি ভাষা রপ্ত করা বেলাল শুধু বাবার নাম জসিম উদ্দিন আর মার নাম সেলিনা বলতে পারেন।
প্রায় এক যুগ আগে একটি পাচার চক্র তাকে বাংলাদেশ থেকে ভারতের আসামে নিয়ে যায় বলে বেলালের দাবি।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মুনীর উল গীয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলাল জানিয়েছে, গত শুক্রবার রাতে সে আসাম থেকে পালিয়ে ঝালকাঠি এসেছে।”
বেলালের বাবা-মার সন্ধানে এলাকায় মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি।
স্মৃতি হাতরে বেলাল সাংবাদিকদের জানান, রাজাপুরের কাঁচা রাস্তার পাশে একটি টিনের ঘরে মা- বাবার সঙ্গে থাকতেন। তার বাবা খুব ভোরে কাজে বের হতেন। ফিরতেন গভীর রাতে। তবে কি কাজ করতেন তা মনে নেই তার।
হিন্দিতে বলা বেলালের কথার বাংলা তরজমা করলে দাঁড়ায়- পাঁচ বছর বয়সে বাড়ির পাশে খেলার সময় পাচারকারীরা তাকে অপহরণ করে।
ভারতে নিয়ে আসামের গোহাটির পাহাড়ি এলাকার একটি মদের কারখানায় তাকে কাজে লগোনো হয়। দীর্ঘ এক যুগ সেখানেই ছিলেন। মদের কারখানায় তাকে নির্যাতনও করা হতো বলে বেলালের ভাষ্য।
শুক্রবার কৌশলে সেখান থেকে পালিয়ে তিনশ টাকার বিনিময়ে দালালের মমাধ্যমে ফেনীর পশুরাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকেন তিনি। ওই দিনই রাজাপুরে পৌঁছে খসরু নামের এক সবজি বিক্রেতার বাড়িতে আশ্রয় নিয়ে বাবা-মাকে খোঁজা শুরু করেন তিনি।
রোববার পর্যন্ত বেলালের বাবা-মার সন্ধান পাওয়া যায়নি বলে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, “চেষ্টা অব্যাহত রয়েছে, ছেলেটির স্বজনদের পাওয়া না গেলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে সেফ হোমে পাঠানো হবে।”
