শাবি হল ছাড়ার নির্দেশ ‘বিধিবহির্ভূত’
সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ বিধিবহির্ভূত বলছেন শিক্ষকরা। এছাড়া এ সিদ্ধান্তে ভোগান্তিতে পড়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
গত কয়েকদিন ধরে ছাত্রলীগের দুই পক্ষের কয়েকদফা সংঘর্ষের পর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার দুপুর ১২টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে বলা হয়।
বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইসফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষার্থীর হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
ওই বিজ্ঞতিতে বলা হয়েছে, "বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।"
জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়াই 'নিয়ম বহির্ভূতভাবে' শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া হল বন্ধের সিদ্ধান্ত বিধি বহির্ভূত। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যখনই আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল তখনই জরুরি সিন্ডিকেটের মাধ্যমে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকে নতুন একটি নজির তৈরি হলো।
সাবেক সিন্ডিকেট সদস্য মো. ফারুক উদ্দিনও সিন্ডিকেট ছাড়া হল বন্ধের সিদ্ধান্ত 'অবৈধ' হয়েছে বলে মনে করেন।
বর্তমান সিন্ডিকেট সদস্য মো. কবির হোসেন বলেন, “এটার ব্যাখ্যা তো আর আমি দিতে পারব না। হয়ত উত্তেজনা যেন আর না বাড়ে তাই উপাচার্য এই সিদ্ধান্ত নিয়েছেন।”
এদিকে বৃহস্পতিবার থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে, আর ৩৭তম বিবিএসের প্রিলিমিনারি পরীক্ষা এই মাসের শেষের দিকে। তাই হঠাৎ হল বন্ধের সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
বেশ কয়েকজন ছাত্রছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তাদের অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন।
আফজাল হোসেন নামের বিশ্ববিদ্যালয়ের ফুড ইজ্ঞিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের এক শিক্ষক ফেইসবুকে লিখেছেন, “এ ধরনের গাঁজাখুরি সিদ্ধান্ত আর কত? ক্যাম্পাসে কেউ দৌড়াদৌড়ির প্রাক্টিস করল আর এর জন্য হল ভ্যাকেন্ট করে দিতে হবে? প্রশাসনের কাজ কী তাহলে?”
এ বিষয়ে কথা বলতে উপাচার্য আমিনুল হক ভূইয়ার মোবাইলে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
