রাজশাহীতে পুলিশ পরিচয়ে শিক্ষিকার গহনা ছিনতাই
রাজশাহী নগরীতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক স্কুল শিক্ষিকার টাকা ও স্বর্ণের গহনা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার শিপাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ছিনতাইয়ের শিকার রত্না দে ভট্টাচার্য।
রত্না নগরীর শিপাইপাড়া মাদার বখস আইডিয়াল স্কুলের শিক্ষিকা এবং ঘোষপাড়া এলাকার বাসিন্দা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের স্ত্রী।
রত্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি হেঁটে শিপাইপাড়া গলি দিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় দুজন লোক ডিবি পুলিশ পরিচয়ে তার পথরোধ করে।
ওই দুই ব্যক্তির মধ্যে একজন ডিবির পরিচয়পত্র দেখায় এবং জঙ্গি দমন অভিযানের কথা বলে রত্নার ভ্যানেটি ব্যাগ দেখতে চায় বলে জানান রত্না।
তিনি বলেন, ব্যাগটি তাদের হাতে দিলে ব্যাগের ভেতর থেকে ১০ হাজার টাকা এবং তার গলা ও কানের স্বর্ণের গহনাগুলো জোর করে খুলে নেয় তারা। ওই সময় তিনি একজনকে ধরেন ফেলেন। অপরজন পালিয়ে যায়।
“একজনকে ধরার পরপরই কিছু দূরে দাঁড়িয়ে থাকা একটি সাদা মাইক্রোবাস আসে এবং কয়েক জন লোক নেমে ওই ছিনতাইকারীকে জোর করে ছাড়িয়ে নিয়ে যায়।”
রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, এটি একটি অভিনব কায়দায় প্রতারণা বলা যায়। এ ঘটনায় রত্না দে থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
