২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোলায় লাঠির আঘাতে স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ

ভোলার লালমোহন উপজেলায় এক রাইসমিল মালিকের লাঠির আঘাতে স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 09:10 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শুক্রবার রাতে  রমাগঞ্জ ইউনিয়নের উত্তর-পূর্ব চরউমেদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লালমোহন থানার ওসি হুমায়ুন কবির।

নিহত জিহাদ (১২) ওই ইউনিয়নের কয়ছর মিয়াবাড়ির রাজমিস্ত্রি আবুল কালামের ছেলে ও উত্তর-পূর্ব চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

ওসি হুমায়ুন স্থানীয়দের বরাতে বলেন, জিহাদ বৃহস্পতিবার সকালে আজাহার রোডে রবিউল হকের রাইসমিলে ঢুকে মিলের হলার নিয়ে দুষ্টুমি করছিল।

“এ সময় মিলের মালিক রবিউল হক জিহাদকে লক্ষ করে লাঠি ছুড়লে সে আহত হয় বলে স্থানীয়রা জানিয়েছে। পরে শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

এ ঘটনায় জিহাদের বাবা আবুল কালাম রবিউল হকের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেছেন বলে ওসি জানান।

তিনি বলেন, ঘটনার পর রবিউল এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।