২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: দিনাজপুরে পাস ৭০.৬৪ শতাংশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় ৭০ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ৮৯৯।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 02:50 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৪৩ শতাংশ। পূর্ণ জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ৩৯৫।

পাসের ক্ষেত্রে এগিয়ে ছাত্রীরা। ৬৮ দশমিক ৩৩ শতাংশ ছাত্র এবং ৭৩ দশমিক ২৩ ভাগ ছাত্র পাস করেছেন।

তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছেলেরা। এবার জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৩৩৪ জন ছেলে। মেয়েরা পেয়েছেন এক হাজার ৫৬৫ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এ শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার ৬১২টি কলেজ থেকে এক লাখ তিন হাজার ৯৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭২ হাজার ৮২৯ জন।

এ বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবছরের অর্ধেকে নেমে এসেছে। গত বছর শতভাগ পাস করে ২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এবার এ ধরনের প্রতিষ্ঠান ১১টি।

এবার একজনও পাস করেননি এমন কলেজের সংখ্যাও গত বছরের চেয়ে বেড়ে হয়েছে আটটি। গতবছর ছিল  পাঁচটি।