আশুলিয়ায় পোশাক কর্মীকে শ্বাসরোধে হত্যা
ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাক কর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার নেসার উদ্দিনের বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বলে জানান আশুলিয়ার থানার উপ-পরির্দশক (এসআই) আনিছুর রহমান।
নিহত রুপালী বেগমের (২৫) বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে। টঙ্গাবাড়ি এলাকার নেসার উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী জহিরুল ইসলাম।
এসআই আনিছুর বলেন, প্রতিবেশীদের দেওয়া সংবাদে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে তার স্বামী জহিরুল ইসলাম পালিয়ে গেছেন।”
