সাভারে তুরাগে নেমে দুই যুবক নিখোঁজ
সাভারের বিরুলিয়া এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার বিকালে নদীতে নেমে স্রোতের তোড়ে দুজনে ডুবে যায় বলে জানান বিরুলিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশরাফ মিয়া।
এরা হলেন গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর বারিন্ডা এলাকার অলিউল্লাহর ছেলে মিজানুর রহমান মিজান (২৮) ও একই এলাকার কুদরত আলী মোল্লার ছেলে মিনহাজ মোল্লা (১৭)।
মিজান মুদির দোকানি ও মিনহাজ ডেকোরেটর ব্যবসায়ী বলে জানান তিনি।
এসআই আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরের কাশিমপুর থেকে ২৫/৩০ যুবক ট্রলারে করে বিরুলিয়ায় পিকনিকে আসে।
“দুপুরে তারা বিরুলিয়া শ্মশান ঘাটে ট্রলার ভিড়িয়ে খাবারের আয়োজন শেষে তুরাগ নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতে মিনহাজকে ভেসে যেতে মিজান তাকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও ডুবে যান।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ পরিচালক মামুন মাহামুদ জানান, তুরাগ নদীতে গোসলে নেমে দুইজন নিখোঁজ হয়েছে এমন খবরে ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
“তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।”
