ঝিনাইদহে ৭৬৩ বস্তা চাল ডাকাতির অভিযোগ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহণী বাজারে ৭৬৩ বস্তা চাল ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে বাজারের সততা খাদ্যভাণ্ডারের গুদাম থেকে এ চাল ডাকাতি হয় বলে অভিযোগ করেন খাদ্যভাণ্ডারের মালিক আবুল কাশেম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, মঙ্গলবার রাত ৩টার দিকে ২০-২৫ জনের একদল ডাকাত একটা বড় ট্রাক নিয়ে এসে গুদামের সামনে দাঁড়ায়।
“তারা গুদামের নৈশ প্রহরী ও দুই কর্মচারীকে বেঁধে রেখে ৭৬৩ বস্তা চাল নিয়ে চলে যায়। চালের দাম ১২ লাখ টাকা।”
এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান।
সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলছেন, তিনি বিষয়টি শুনেছেন। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
